কারাগারে নিরব

১১ অক্টোবর, ২০২১ ০৮:৫০  
এক দিনের রিমান্ড শেষে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস এবং কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হুমায়ুন কবির নিরবকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণার মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার তাকে কারাগারে আটক রাখার এই নির্দেশনা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত রোববার এই আদেশ দেন। এর আগে গত ৮ অক্টোবর ভোরে রাজধানীর আদাবর থেকে নিরবকে গ্রেফতারের পর আদালতে নেয়া হয়। এদিন নিরবকে এক দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক ব্যক্তি ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ছয়জনকে আসামি করা হয়। গত ৩ অক্টোবর কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।